গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। দুই জেলার বর্তমান পুলিশ সুপারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ। এতে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তার বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।