প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। এ জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশ চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে।
এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব ঘটে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।