সুন্দরবনের দুবলারচরে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। এ উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি রুট নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। নিরাপত্তা নিশ্চিত করা এবং বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশনা।

রাসপূর্ণিমার পুণ্যস্নানে এবার শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য প্রবেশের অনুমতি দেয়া হবে। জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করে নির্ধারিত রাজস্ব পরিশোধের মাধ্যমে পাস সংগ্রহ করতে হবে।

অনুমতিপত্রে উল্লেখ করা নির্দিষ্ট রুট ব্যবহার করেই যাতায়াত করতে হবে। ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নৌযান চলাচল করতে পারবে শুধু দিনের বেলায়। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।

প্রতিটি নৌযানে যাত্রীর সংখ্যা ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। তীর্থযাত্রীদের দেয়া টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি নৌযানকে আলোরকোলের নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। যাতায়াত পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে। মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান জানান, তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত রুটের যেকোনো একটি ব্যবহার করে যাতায়াত করতে হবে। এবার রাসপূর্ণিমার পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।

নির্ধারিত পাঁচটি রুট হলো-বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে হংসরাজ নদী হয়ে দুবলার চর; কয়রা ও কাশিয়াবাদ থেকে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর; নলিয়ান স্টেশন থেকে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ হয়ে পশুর নদী দিয়ে দুবলার চর এবং বগী থেকে বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।