রাজশাহীর দুর্গাপুরে  সাব-ডিলারের বাসা ও ভ্যান থেকে ৩৯ বস্তা সার উদ্ধার করেছেন স্থানীয় কৃষকেরা। এর মধ্যে ২০ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা টিএসপি সার রয়েছে। পরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুমতিতে উদ্ধার করা সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর বাজারের সার ডিলার আব্দুল মজিদ মোল্লার বাসা থেকে সারগুলো  উদ্ধার করা হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় তাঁর ছেলে ও প্রতিষ্ঠানের পরিচালক হাবিব মোল্লার ভ্যান থেকে চার বস্তা টিএসপি সার আটক করেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, শনিবার সার কিনতে গেলে দোকানে সার নেই বলে জানান হাবিব মোল্লা। পরে সন্ধ্যায় ভ্যানে করে সার অন্যত্র নেওয়ার সময় কৃষকদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁর বাসায় গিয়ে ২০ বস্তা ইউরিয়া ও ১৫ বস্তা টিএসপি সার দেখতে পান তাঁরা। এ ঘটনায় সার মজুতের উদ্দেশ্য নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রবিবার সেই সারগুলো উদ্ধার করা হয়।

মজিদ এন্টারপ্রাইজের পরিচালক  হাবিব মোল্লা বলেন, দোকানে জায়গা না থাকায় সারগুলো বাসায় রাখা হয়েছিল। কৃষি অফিসের উপসহকারীর নির্দেশনা অনুযায়ী শনিবার সার বিক্রি না করে রোববার বিক্রির অনুমতি ছিল বলেও দাবি করেন তিনি।

উপসহকারী কৃষি কর্মকর্তা মমিন বলেন, সার বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই। কৃষকেরা এনআইডির ফটোকপি জমা দিয়ে জমির পরিমাণ অনুযায়ী ১ থেকে সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত সার দিতে পারবেন। অথচ তিনি সার বিক্রি না করে বাড়িতে মজুদ করে রেখেছিলেন।