বনানীর সড়কে দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন আইসিইউ ও হাসপাতালের বিছানায় থাকতে হয়েছে চিত্রনায়িকা মেঘলা মুক্তাকে। দুর্ঘটনার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ এই অভিনেত্রী। একান্ত আলাপে দুর্ঘটনার পরবর্তী অভিজ্ঞতা থানায় হয়রানির অভিযোগ এবং বিচার পেতে দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন ইব্রাহীম জাহিদ।
আপনার দুর্ঘটনার পর প্রায় তিন মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো বিচার পাননি। বিষয়টি নিয়ে আপনার বর্তমান অবস্থান কী?
মেঘলা মুক্তা: আমি খুবই হতাশ। একজন মিডিয়াকর্মী ও অভিনেত্রী হয়েও রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, সংবাদমাধ্যমে জানিয়েছি, এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। তারপরও আমার মনে হয়, শেষ পর্যন্ত হয়তো বিচার পাব না। বিষয়টি এখন আদালতে গেছে। কত মাস কিংবা কত বছর লাগবে, জানি না। এত দিন ধরে এই মামলা চালানোর মতো ধৈর্য ও সামর্থ্য আমার থাকবে কি না, সেটাও ভাবতে হচ্ছে। কারণ, আদালতে দুই পক্ষকেই উপস্থিত থাকতে হয়।
আমার মনে হয়, এ ধরনের ঘটনায় বিচার পাওয়ার প্রত্যাশা করাটাই যেন ভুল। মানুষকে অন্তত জানানো হয়েছে, আজ আমার সঙ্গে এমন হয়েছে, কাল অন্য কারও সঙ্গে হতে পারে। বনানী থানার আওতাধীন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন ঘটনায়ও মানুষ সহজে প্রতিকার পায় না বলে আমার ধারণা। আমার দুর্ঘটনাটিও ওই থানার এলাকায় ঘটেছে। বনানী থানার ওপর আমার আর আস্থা নেই। পুলিশের কিছু সদস্যের ভূমিকা নিয়ে আমার গুরুতর প্রশ্ন আছে।
বনানী থানার পুলিশের প্রতি আপনার এতটা ক্ষোভ তৈরি হলো কেন?
মেঘলা মুক্তা: একই মাসে আমার দুটি দুর্ঘটনার অভিজ্ঞতা হয়েছে। একটি আমার গাড়ির সঙ্গে, অন্যটি আমার নিজের। প্রথম ঘটনাটি ঘটেছিল আমার বনানীর দুর্ঘটনার দুই-তিন সপ্তাহ আগে। আরএফএলের একটি পিকআপ আমার গাড়িতে ধাক্কা দিয়েছিল। তখন আমি নিজেই ৯৯৯-এ ফোন করি। ঘটনাস্থল ছিল ৩০০ ফিটের মস্তুল ব্রিজের কাছে। ৯৯৯ থেকে আমাকে জানানো হয়, জায়গাটি খিলক্ষেত থানার আওতাধীন এবং সেখান থেকে পুলিশ পাঠানো হবে।
পুলিশ এসেছিল, কিন্তু আমাকে প্রায় তিন ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আমি পিকআপটিকে থামিয়ে রেখেছিলাম। কোনো ভিডিও করিনি, কোনো বাড়তি কিছু করিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে পুলিশের সঙ্গে কথা বলছিলাম।
কিন্তু দায়িত্বে থাকা এসআই পিকআপের চালককে আটকানোর পরও তার পরিচয়, মালিকের তথ্য কিংবা মোবাইল নম্বর সম্পর্কে কিছু জানেন না বলে জানান। অথচ গাড়িতে প্রাণ-আরএফএলের নাম লেখা ছিল। কিছুক্ষণ পর ওই এসআই দূরে গিয়ে কয়েকটি ফোন করেন। এরপর ফিরে এসে আমাকে বলেন, আমি নাকি অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলাম।
আমি তাকে প্রশ্ন করেছিলাম, কোনো ক্যামেরা বা তদন্তের মাধ্যমে কি তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন? আমি ৯৯৯-এ ফোন করে তাকে ডেকে এনেছি, অথচ তিনি তদন্ত না করেই উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করছেন কেন? আমি তাকে ক্ষমা চাইতে বলেছিলাম।
এরপর কী হয়েছিল?
মেঘলা মুক্তা: ওই রাতেই আমি গাড়ি নিয়ে খিলক্ষেত থানায় যাই। থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলি। পরদিন সকালে বাবাকে নিয়ে থানার প্রধান কর্মকর্তার সঙ্গেও কথা বলি। সাধারণত দুর্ঘটনা ঘটলে তদন্তের জন্য দুই গাড়িই থানায় নেওয়ার কথা। কিন্তু সেখানে আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
পরদিন থানার প্রধান কর্মকর্তা আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘আম্মা, রাগ করো না। ওর দ্বারা ভুল হয়ে গেছে।’ অর্থাৎ, একজন পুলিশ কর্মকর্তা আমাকে তিন-চার ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলেন। আমি বারবার বলেছি, দুটি গাড়িই থানায় নিয়ে যান। আমার গাড়ির পেছনে ধাক্কা লেগেছিল। আমি যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালাতাম, তাহলে দুর্ঘটনার ধরন দেখে সেটি তদন্ত করার সুযোগ ছিল। কিন্তু কোনো তদন্ত ছাড়াই আমাকে দায়ী করা হয়েছিল বলে আমার অভিযোগ।
পরে বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছিলাম। এসআই রাজুর নাম ও ছবি দিয়েও পোস্ট করেছিলাম। ঘটনাটি ওপরের পর্যায়ে যাওয়ার পর দুটি গাড়িই থানায় নেওয়া হয়। পরে আরএফএলের একজন প্রতিনিধিকে ডেকে এনে থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয় এবং আমি ক্ষতিপূরণ পাই।