সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনার চেয়ে তার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা, দণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়া চলমান থাকলে তার প্রত্যর্পণের বিষয়টি সামনে আসে।
শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার সাজা হয়েছে। তাই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরামসহ অসংখ্য ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-ছাত্রী, রিকশাচালক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানোর কোনো প্রশ্নই আসে না।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ। এদিনের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।