তুর্কি টিভি সিরিজের আলাদা জনপ্রিয়তা রয়েছে বিশ্বে। বাংলাদেশেও বেশ জনপ্রিয় সেখানকার গল্প-নির্মাণ। সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্প বলার কৌশল তুর্কি সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সয়’ সিনেমাটি বিপুল সাড়া জাগিয়েছে। ভৌতিক গল্পের সাড়া জাগানো সেই সিনেমা এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলবে এটি।
অতিপ্রাকৃত হরর গল্পে ‘সয়’ সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিশরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পায় এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনে। এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হয়। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠায়।
‘সয়’ সিনেমার দৃশ্য
গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে পরিবারের পুরোনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস।
সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। সিনেমাটিতে অভিনয় করেছেন বরিস আর্ডুক, তুবা বুয়ুকুস্তুন, ফারাহ জেনেপ আব্দুল্লাহ প্রমুখ।