২০২৬ সালের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের অবসর-পরবর্তী পেনশনে এ বড় পরিবর্তন এনেছে সরকার।

বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। গতকাল বুধবার (১১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ বিধান ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. ফেরদৌস আলম যুগ্মসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৬ সালের ৩০ জুনে একজন পেনশনভোগী যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

এতে যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৬৫ শতাংশ।

এ ছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ পেনশন বাড়বে।

তবে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি স্তরে সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন হবে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের সর্বোচ্চ ৩৫ হাজার টাকা, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৪৯ হাজার টাকা এবং ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।

প্রজ্ঞাপনে পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তার প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে পারিবারিক পেনশনভোগীদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।

এদিকে বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন।

অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব সরকারি কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এরপরও চলমান রয়েছে, তারা অবসর-উত্তর ছুটিকালে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিশেষ সুবিধাসহ বেতন-ভাতা পাবেন। তবে ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে ২০২৬ সালের নতুন বেতন স্কেল অনুযায়ী।

অন্যদিকে যেসব কর্মচারী ২০২৬ সালের ১ জুলাই বা এরপর অবসর-উত্তর ছুটিতে যাবেন, তারা নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। ছুটি শেষে তাদের পেনশন ও আনুতোষিকও নির্ধারিত হবে ২০২৬ সালের বেতন স্কেলের বিধান অনুসারে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার পর ১ জুলাই অবসর-উত্তর ছুটি অর্জিত হলে তিনি ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত অবসরকালীন মূল বেতনের সমপরিমাণ এককালীন অর্থ বা ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ২০২৬ সালের ১ জুলাই বা এরপর অবসর-উত্তর ছুটি শুরু হলে ল্যাম্পগ্র্যান্ট নির্ধারিত হবে নতুন বেতন স্কেল অনুযায়ী।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খেরদৌস আলম।