ক্রমবর্ধমান আবাসন সংকট অবসানের দাবিতে দেশজুড়ে ধর্মঘট হয়েছে স্পেনে। করে এই ধর্মঘট সফল করতে ঝড়ো আবহাওয়ার মধ্যেই সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৪০ লাখ মানুষ, যা দেশটির মোট শ্রমশক্তির এক পঞ্চমাংশ।
ইউরোপের এই উন্নত দেশটিতে সর্বশেষ ধর্মঘট হয়েছিল ২০১২ সালে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় কঠোর মিতব্যয়িতা পদক্ষেপের বিরুদ্ধে সেবার কাজ করা বন্ধ করেছিলেন শ্রমিকরা। সেই ঘটনার ১৪ বছর পর গতকাল (বুধবার) ফের ধর্মঘট হলো স্পেনে।
স্পেনের দুটি বৃহত্তম শ্রমিক ইউনিয়ন—জেনারেল ইউনিয়ন অফ ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এ ধর্মঘটের ডাক দিয়েছিল। এই দুই ইউনিয়ন ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এছাড়া, বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়া সংগঠনগুলোও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
ইউনিয়নগুলোর ভাষ্যমতে, কর্মসূচিটি মূলত শান্তিপূর্ণ ছিল, তবে সন্ধ্যার দিকে বার্সেলোনা ও মাদ্রিদের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্পেনের আগাম সাধারণ নির্বাচনের সময় বাকি আছে ৩ সপ্তাহেরও কম সময়। তার মধ্যেই এই বিশাল কর্মসূচি পালন করলেন দেশটির শ্রমিক ও সাধারণ জনগণ।
বুধবার ঝড়ো আবহাওয়া উপেক্ষা করেই শ্রমিকরা দেশজুড়ে পিকেটিং করেছেন। সন্ধ্যায় বার্সেলোনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। রয়টার্সের ফুটেজে দেখা যায়, মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
মাদ্রিদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, শহরের কেন্দ্রস্থল ‘প্লাজা দে এস্পানিয়া’ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে।
পুলিশ জানিয়েছে, সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—যার মধ্যে অফিস ও শিল্প এলাকায় অবরোধ সৃষ্টি এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়ার মতো ঘটনাও রয়েছে। এসব ঘটনায় অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।