স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইংল্যান্ডে সরকার। নতুন নিয়ম কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা নিজেদের কাছে কোনোভাবেই মোবাইল ফোন রাখতে পারবে না।


২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে এ বিষয়ে আইনগত বাধ্যবাধকতাসহ নির্দেশনা কার্যকর করা হয়।

এর ফলে স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোর জন্য পুরো স্কুল সময়কে ফোনমুক্ত রাখা বাধ্যতামূলক হয়েছে। এবার বিদ্যমান নির্দেশনায় আরও কঠোর পরিবর্তন আনছে সরকার। বর্তমানে ইংল্যান্ডের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। এ নীতিতে শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারে, তবে তা দেখা বা শোনার সুযোগ নেই।

নতুন নির্দেশনায় এই সুযোগও বন্ধ করা হবে। তবে স্কুলপ্রধানদের সংগঠনগুলো বলছে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থায়ন ছাড়া নতুন বিধিনিষেধ বাস্তবায়ন করা স্কুলগুলোর জন্য কঠিন হবে।

শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়।’

সরকারের মতে, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে শিক্ষার্থীরা পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

যেভাবে কার্যকর হবে নতুন নিয়ম

নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই ফোন ব্যবহার নিষিদ্ধ।

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবর্তন দেখতে চায়।