কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক গোপন ব্লুপ্রিন্ট বা না'শকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন এ ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হলে দেশের সাপ্লাই চেইন, উৎপাদন খাতসহ সামগ্রিক অর্থনীতি মারাত্মক সংকটের মুখে পড়তে পারে।

ক্ষমতাচ্যুত দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সরাসরি নির্দেশনা এবং কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের গোপন আর্থিক সহায়তায় দেশজুড়ে নাশকতার একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক'কটেল বি'স্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রমিক কিংবা সাধারণ মানুষের ছদ্মবেশে রাজধানীতে ‘হিট অ্যান্ড রান’ (ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়া) কৌশলে নাশকতা চালাচ্ছেন।

এদিকে নাশকতা দমনে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিশেষ চেকপোস্ট স্থাপনের মধ্য দিয়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ দলটির গোপন ব্লুপ্রিন্ট বা নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট আগাম গোয়েন্দা তথ্য বা ইনপুট থাকলেও মাঠপর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা ও ঘাটতি রয়েছে। বিশেষ করে পুলিশের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কেউ কেউ দিনে এক ধরনের ভূমিকা পালন করলেও রাতে কিংবা পর্দার আড়ালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সহায়তা করছেন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের ক্যাডারদের নিয়ে বেশ কয়েকটি গোপন ‘গেরিলা সেল’ বা টাস্কফোর্স গঠন করা হয়েছে। কথিত এসব সেল বা টাস্কফোর্সের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সাধারণ শ্রমিক, হকার কিংবা পথচারীর ছদ্মবেশ ধারণ করে নির্দিষ্ট স্থানে অবস্থান নেন। দুই থেকে তিনজনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাঁরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটান কিংবা যানবাহনে অগ্নিসংযোগ করে মুহূর্তের মধ্যে অলিগলি দিয়ে পালিয়ে যান। কেউ কেউ মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেটও ব্যবহার করছেন।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনার প্রাথমিক পর্যায় এখন মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।। চলতি মাসের প্রথমার্ধ পর্যন্ত মহানগরীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতর্কিতে ককটেল নিক্ষেপ এবং রাস্তার পাশে কিংবা বাস টার্মিনালে পার্ক করা ফাঁকা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক ধাপ পেরিয়ে পরবর্তী সময়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া, জনবহুল স্থানে বোমা নিক্ষেপ এবং সাধারণ মানুষকে হতাহত করার মতো বর্বরোচিত অপচেষ্টা চালানো হতে পারে। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল করে দেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআইভুক্ত প্রতিষ্ঠান), বড় বড় কলকারখানা এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নাশকতার পরিকল্পনাও এই ছকের অন্তর্ভুক্ত। সূত্র : চ্যানেল ওয়ান