জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেজো ভাই আনোয়ার হোসেন আফজালকে হারিয়েছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানান এই অভিনেতা।
ভাইয়ের মৃত্যুসংবাদ জানিয়ে ডিপজল লিখেছেন, তার অত্যন্ত আদরের মেজো ভাই আর তাদের মধ্যে নেই। এই আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাইয়ের চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রয়াত ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে বলে জানান।
একই পোস্টে ভাইয়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও করেছেন অভিনেতা।
এর আগে গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। তখন ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভাইকে হারাতে হলো এই অভিনেতাকে।