সভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশিল্পে আজ বুধবার আবারো অস্থিরতা দেখা দিয়েছে। হামিম গ্রুপ, শারমিন গ্রুপ ও স্টারলিংকসহ কয়েকটি তৈরি পোশাক কারখানায় নিয়মিত শ্রমিক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ বাড়ছে শিল্পসংশ্লিষ্টদের মধ্যে। বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে এসব কারখানায় শ্রমিকদের অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটছে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামিম গ্রুপের একজন শ্রমিক বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের পর আশুলিয়ার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজ চালিয়ে গেলেও আমরা প্রতিদিন আসার পর আমাদের ছুটি দিয়ে দিচ্ছে যা অনেকটা রহস্যজনক।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদির মালিকাধীন এনভয় গ্রুপের স্টার লিংক কারখানার একজন শ্রমিক জানান, আশুলিয়ার বেশিরভাগ কারখানায় উৎপাদন কাজ চললেও আমাদের কারখানায় আন্দোলনের নামে প্রতিদিনই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে।এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।
কয়েকজন সাধারণ পোশাক শ্রমিক জানান, প্রতিদিন কাজ করে সংসার চালানোই তাঁদের প্রধান লক্ষ্য। কিন্তু কর্মস্থলে বিভিন্ন সমস্যা দেখা দিলে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাঁরা বলেন, আমরা কাজ করতে চাই। কারখানা চালু থাকলে আমাদের সংসার চলে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, আশুলিয়া দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল। এখানে সামান্য শ্রমিক অসন্তোষও দ্রুত আশপাশের কারখানাগুলোতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে একাধিক কারখানায় একই সময়ে বিক্ষোভ বা কর্মবিরতির ঘটনা ঘটলে উৎপাদন, পণ্য সরবরাহ এবং রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এদিকে পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন কিছু পোশাক কারখানার মালিক ও কর্মকর্তারা আন্দোলনরত শ্রমিকদের সাথে কোন প্রকার আলোচনা না করে উল্টো আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, হামিম গ্রুপ, শারমিন গ্রুপ ও স্টারলিংকসহ যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, সেসব প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক সহযোগিতায় আশুলিয়ার পোশাকশিল্পে আবারও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা শিল্পাঞ্চলের সাধারণ মানুষের।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দিতে থাকে। ৯টার পর কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা মহাসড়কে এসে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ পর্যন্ত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আজ বুধবার সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদানকরে। পরবর্তীতে সকাল ৯ টার পর উল্লেখিত পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় এসে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে তারা সেখান থেকে চলে যায়।