গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর গত আগস্টে রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় আসরের বিজয়ী হন ক্রিস্টল।

সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গত এক বছরে তার জীবনে আসা পরিবর্তন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

ক্যারিয়ারের পরিবর্তন

ক্রিস্টল জানান, গত এক বছরে তার জীবনে আমূল পরিবর্তন এসেছে। ক্যারিয়ারের একটা কঠিন সময় পার করার পর আবারও নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘গত এক বছরে আমার জীবন পুরোপুরি ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। যখন ‘শরারত’ গানটি সফল হয়েছিল, তখন মনে হয়েছিল এর চেয়ে বড় আর কী হতে পারে! কিন্তু এরপর ‘দ্য ট্রেইটর্স’ এসেছে। রিদা থাদানির সঙ্গে আমি এই শোয়ের দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছি।’


তিনি আরও বলেন, ‘আপনি যখন মনে করেন একেবারে তলানিতে পৌঁছে গেছেন, তখন সামনে এগিয়ে যাওয়ার একটাই পথ খোলা থাকে, আর তা হলো ঘুরে দাঁড়ানো। পেশাগত জীবনে গত এক বছরে আমার সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে।’

যেভাবে ‘ধুরন্ধর’ সিনেমার গানে সুযোগ পান

ফারাহ খানের সঙ্গে এক আলাপচারিতায় ক্রিস্টল জানিয়েছিলেন, ‘শরারত’ গানটি ছিল তার ক্যারিয়ারের প্রথম আইটেম গান। গানটির শুটিংয়ের মাত্র চার দিন আগে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি।

এর আগে টেলিভিশন থেকে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে বেশ সংগ্রাম করতে হচ্ছিল অভিনেত্রীকে।

সেই অভিজ্ঞতা জানিয়ে ক্রিস্টল বলেন, ‘সত্যি বলতে, মুকেশ স্যারের ফোন যখন আসে, তখন আমি আমার বান্ধবীদের সঙ্গে একটি কোণে বসে ছিলাম। তিনি বললেন, চার দিন পর একটি গানের শুটিং আছে। একজন মেয়েকে ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে। তবে টিম দেখতে চায়, আমি কাজটি করতে পারবো কি না। আমি বললাম, ঠিক আছে, আমাকে একটু সময় দিন। এরপর ফোন কেটে দিলাম।’

১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
সিনেমাটি মুক্তির পর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর গানটির শুটিংয়ের পেছনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন ক্রিস্টল। সেই সঙ্গে গানটির শুটিংয়ের স্মৃতি আজীবন মনে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিক ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’-এর মাধ্যমে জনপ্রিয়তা পান ক্রিস্টল ডি’সুজা। পরবর্তী সময়ে ‘বেলন ওয়ালি বহু’, ‘ভিসফোট’ ও ‘ফার্স্ট কপি’র মতো কাজেও অভিনয় করেছেন তিনি।