বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের ৮০ শতাংশই আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ সোমবার বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ উদ্যোগে যুক্ত হয়েছে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু। এর আগে অস্ট্রেলিয়া এ ঘোষণায় সমর্থন দিয়েছিল।

বৈশ্বিক এ উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। এ জন্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে।

প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, এ খাতে মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশ প্রয়োজন হবে আন্তর্জাতিক অর্থায়ন থেকে। সে হিসাবে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে নিজস্ব অর্থায়নে এবং বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদে আন্তর্জাতিক সহযোগিতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক সুযোগের উৎস হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ নিশ্চিত করার জন্য বৈশ্বিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ও সরবরাহসংকট বিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতিতে চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।