আবারো বিশ্ববাজারে সোনার দামে কিছুটা দরপতন হয়েছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও এ পতনে ভূমিকা রেখেছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার নীতি কোন দিকে যাচ্ছে, তা বুঝতে মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়।
তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য সোনার ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রডা বলেন, বাজারে আপাতত সোনার দামে ওঠানামা চলছে।
আগের কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারে দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে দর কিছুটা কমেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর অবস্থানে থাকলে এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম কমতে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হতে পারে।
কারণ, তেলের দামের পরিবর্তন ডলারের মূল্য, মূল্যস্ফীতি ও সুদহারের প্রত্যাশায় প্রভাব ফেলে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলারে নেমেছে।