ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের রহস্যময় এক ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। দীর্ঘদিন নীরব থাকার পর এবার সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ঠিক কী বিষয়ে মুখ খুলতে যাচ্ছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
অভিনেত্রীর এমন বার্তার পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কী এমন ঘটনা, যা নিয়ে এতদিন নীরব ছিলেন তিনি? এবারই বা কী প্রকাশ্যে আনতে যাচ্ছেন? এমন নানা প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
চমকের পোস্টে বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য না থাকলেও মন্তব্যের ঘরে ভক্তরা নানা ধরনের অনুমান করছেন। কারও ধারণা, ব্যক্তিগত জীবনের কোনো বিষয় নিয়ে মুখ খুলতে পারেন তিনি। আবার কেউ মনে করছেন, শোবিজ অঙ্গনের কোনো অজানা ঘটনা সামনে আনতে পারেন অভিনেত্রী। তবে এসবের কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরবর্তী সময়ে অভিনয়ে নিয়মিত হয়ে ‘হাউস নম্বর ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করেছেন তিনি।