তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে দেশের ন্যায্য প্রাপ্য নিশ্চিত হওয়া জরুরি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কযাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের কারণে মানবজাতি কঠিন পরিস্থিতির মুখোমুখি। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পরিবেশ বিশেষজ্ঞরা কার্বন নিঃসরণ কমানোসহ জলবায়ু সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এসব আলোচনার মধ্য দিয়ে কার্যকর সমাধান আসবে বলে আশা করেন তিনি। সরকারিআদেশ দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বিএনপির নির্বাচনি ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারিআদেশ দেখুন

রিজভী বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ ও জলবায়ুর ভারসাম্য ফিরিয়ে আনা জরুরি। এ জন্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা জলবায়ু পরিবর্তনের কারণে নানা ঝুঁকির মুখে পড়ছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। এ বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ন্যায্য দাবি প্রতিষ্ঠা হওয়া জরুরি।