চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন। মানচিত্রদেখুন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানচিত্রদেখুন

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে।

মনিটরিং সেলের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করা হচ্ছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছিল বাহিনীটি। নতুন করে মোতায়েনের ফলে বিজিবির সংখ্যা বেড়ে ৩৬ প্লাটুনে দাঁড়িয়েছে। একই দিন গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১০ প্লাটুন আনসার সদস্য মোতায়েনের তথ্যও জানানো হয়।