নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান নামে এক যুবক সম্প্রতি যান মহাদেবপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। দাতা-গ্রহিতার নাম দিয়ে পুরোনো দলির খোঁজবেন তিনি। অফিসের নকল নবিশ আবু বক্কর সিদ্দিক দলিলটি খোঁজার দায়িত্ব নেন। প্রতিবছর খোঁজার বিনিময়ে তিনশ’ টাকা অগ্রিম দেন তিনি। এরপর অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করেন তিনি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আর এক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে যান ওই একই অফিসে। জাবেদা নকল সরবরাহের দায়িত্ব নেন আরেক নকল নবিশ আতিকুর রহমান (বড়)। ওই দলিলের জাবেদা নকল সরবরাহের জন্য তিনি চান দুই হাজার দুইশ’ টাকা। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহও করেন। কিন্তু জাবেদা নকলের পেছনের পাতায় জাবেদা বাবদ মোট চারশ’ ৯০ টাকা নেয়া হয়েছে বলে সরকারি সীলমোহরে লেখা ছিল।

সাব রেজিস্ট্রারের নিকট একজন সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেয়া হয়। সাব রেজিস্ট্রার উত্তরে জানালেন, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেয়া হয়, সে টাকা চালানে জমা দেয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্নরকম খরচ নেয়া হয়। খরচের হিসাব আইনে নির্ধারিত রয়েছে। 

অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে সম্প্রতি বদলী হওয়া ওই সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তবে অভিযোগ হলে সে বিষয় খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয়। সেই তল্লাশি বাবদ সরকারি ঘরে কুড়ি টাকা করে জমা দেয়া হয়। কিন্তু কেউ পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে বছর প্রতি যে তিনশ’ টাকা করে নেয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা দেয়া হয়না। প্রতিবছর কয়েক হাজার দলিল তল্লাশি বাবদ লক্ষ লক্ষ টাকা নিয়ে সম্পূর্ণটাই আত্মসাত করা হয়। অপরদিকে জাবেদা নকল বাবদ নেয়া অতিরিক্ত টাকাও আত্মসাত করা হয়। এই দুধরনের কাজের সাথেই জড়িত এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত নকল নবিশরা। 

মোট ৩৫ জন নকল নবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বক্কর সিদ্দিক। রেজিস্ট্রি করা দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ। প্রতি পৃষ্ঠা নকল করা বাবদ নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। কিন্তু তল্লাশি আর জাবেদা নকল সরবরাহ বাবদ অবৈধভাবে নেয়া টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর কোন বালাম বই না লেখলেও ভূয়া বিল উত্তোলন করেন বলেও অভিযোগ রয়েছে। তাকে দিনের বেশিরভাগ সময় বালাম বই না লিখে অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করতে দেখা যায়।
স্থানীয়দের দাবি এই চক্রের তৎপরতা বন্ধ করে সরকারিমূল্যে সাধারণ জনতার সেবা নিশ্চিত করা ও এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

জানতে চাইলে আতিকুর রহমান বলেন, তারা কোন অতিরিক্ত টাকা গ্রহণ করেন না। সাব রেজিস্ট্রারের নির্দেশমত তিনি অন্যান্য কাজ করে থাকেন। আবু বক্কর সিদ্দিক পুরোনো দলিল তল্লাশি বাবদ নেয়া তিনশ’ টাকা করে সরকারি কোষাগারে জমা না দেয়ার কথা স্বীকার করেন।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলী করার পর আত্রাই উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।