দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন এরদোয়ান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) ফাঁকে এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফরের দ্বিতীয় দিন ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। আর ওইদিন এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, কপ৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য এই বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান বলেন, এটি হলে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ইস্যু বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এগুলো সামরিক সহযোগিতার অংশ।
তবে বগুড়ায় ড্রোন কারখানা বা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু চূড়ান্ত হয়নি, এগুলো পরে নির্ধারিত হবে বলেও জানান পররাষ্ট্রসচিব।
প্রধানমন্ত্রীর সফরে ঢাকার বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে টার্কিশ কোম্পানি চেলেবির সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে সালাহউদ্দিন নোমান বলেন, এটি কোনো একক দ্বিপাক্ষিক সফর নয়, বরং আন্তর্জাতিক সম্মেলনের একটি সাইডলাইন বৈঠক। তাই সুনির্দিষ্ট বা বড় কোনো বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
নতুন পররাষ্ট্রসচিব তারেক-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনার কথা বললেও ঢাকা-আঙ্কারার একাধিক কূটনৈতিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে বসছেন। দুই শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকটি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ১২ নভেম্বর এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওইদিন বিকালে বৈঠকটি হতে পারে।
এ কর্মকর্তা আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্টের অনেক ব্যস্ততা এখন। আমরা বৈঠক চেয়েছি এবং আশা করছি এটা হবে। তবে দ্বিপক্ষীয় নয়, একটা বৈঠক হবে। এ বৈঠকে বিস্তর আলোচনার সুযোগ হবে না।
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গেও তারেক রহমানের বৈঠক হবে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। একই সঙ্গে তারা পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের কথাও বলেছিলেন।