সারাদেশে নাশকতা-সহিংসতায় জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক এসব সহিংস ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কোথাও হামলাকারীরা গ্রেফতার হচ্ছে, কোথাও চলছে পরিচয় শনাক্তের চেষ্টা। কিন্তু থামছে না বিস্ফোরণ ও অগ্নিসংযোগ।

সাম্প্রতিক এসব ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। একই সঙ্গে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন?

পুলিশ বলছে, এসব ঘটনা ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েনি। অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধ সংঘটনের পর গ্রেফতার ও কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে কার্যকর তৎপরতা প্রয়োজন।

বাসে আগুন

গত কয়েক দিনে রাজধানীর জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি পুলিশি নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। রবিবার রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

শুক্রবার (৬ নভেম্বর) থেকে রবিবার (৮ নভেম্বর) পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর, কালশী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা ও ভিসি চত্বরেও ককটেল বিস্ফোরিত হয়। মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে আদাবর থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে, শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি এবং বনানীর সেতু ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। কয়েকটি ঘটনায় মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্টেশনে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রী ও পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চলসহ রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোরেও একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পাশাপাশি সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে। প্রকাশ্যে গুলি, ছুরিকাঘাত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে।

একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, ‘এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব ঘটনার কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না। ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এখনও পর্যন্ত এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।’

সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে পুলিশ। ডিএমপির দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

রবিবার (৮ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছেন। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে দমন করবে।’

কারা এসব অস্থিরতা সৃষ্টি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে অভিন্ন কোনও পরিকল্পনা রয়েছে কি না, ককটেল তৈরি ও সরবরাহ করছে কারা এবং নিক্ষেপকারীদের নির্দেশদাতা বা অর্থদাতাই বা কারা, সেসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। কয়েকটি ঘটনায় গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধারের তথ্য মিললেও অন্য অনেক ঘটনায় হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। ফলে শুধু সন্দেহভাজনদের গ্রেফতার নয়, পুরো নাশকতাচক্র শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে; এমন বার্তা জনগণের কাছে না পৌঁছালে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে উৎসাহিত হতে পারে।

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তবে এর চেয়েও গুরুতর অপরাধ, যেমন খুন, অপহরণসহ নানা ধরনের সহিংস অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধকে শুধু কোনও ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা কিংবা নির্দিষ্ট রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেখার সুযোগ নেই। বরং মূল বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থাগুলো কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক  বলেন, ‘ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।’

ড. তৌহিদুল হকের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।