স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় সংশোধনী থাকলে ২০ নভেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
রোববার (০৮ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ইতিমধ্যে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদের বিধান মতে ৩১ অক্টোবর ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন তাদের খসড়া তালিকা ৫ নভেম্বর করা হয়েছে। এখন কারো কোনো দাবি, আপত্তি থাকলে, সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর।
সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর।
হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর। বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করবে ইসি। ১০০০ ইউপিতে প্রথম ধাপে ভোট হতে পারে। এবার পাঁচ ধাপে ইউপি ভোট শেষ করবে সংস্থাটি।