রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং তা নীতিনির্ধারণে কাজে লাগানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জহির উদ্দিন স্বপন।

রোববার (০৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি রাষ্ট্রের সামরিক শক্তি কিংবা ভৌগোলিক আয়তনের চেয়েও গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে সঠিকভাবে ব্যবহৃত তথ্য ও পরিসংখ্যান। তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো একটি ধারাবাহিক বৈজ্ঞানিক প্রক্রিয়া।

তথ্য সংগ্রহের পর তা সংগঠিত করতে হয়, সেখান থেকে জ্ঞানভিত্তিক উপাদান তৈরি করতে হয়। পরবর্তী সময়ে সেই উপাদান নীতিনির্ধারণের বিভিন্ন পর্যায়ে কাজে লাগাতে হয়। পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হলে রাষ্ট্রের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হয়।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় তথ্য সংগ্রহ, তথ্যের ব্যাখ্যা এবং তা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবহারের পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

বরং এ প্রক্রিয়ায় স্বার্থসংশ্লিষ্ট প্রভাব তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। তাই পরিসংখ্যানকে কেবল সংখ্যাগত উপাত্ত হিসেবে দেখলে চলবে না; বরং রাষ্ট্রের পরিকল্পনা, উন্নয়ন এবং নীতিনির্ধারণের অন্যতম প্রধান উপকরণ হিসেবে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।