বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রকৃত উন্নয়ন হবে, কোনো লুটপাট নয়। উন্নয়নের নামে চুরি-ডাকাতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনা উন্নয়নের চেয়ে লুটপাট বেশি করায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বর্তমান সরকার জনগণের সরকার, কোনো ষড়যন্ত্রই এই সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
রবিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর শহরের হাজীপুরস্থ এলাকায় জেলা পরিষদের উদ্যোগে ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্থর ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা( যুগ্ম সচিব) গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদ, বগুড়ার অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিতব্য আধুনিক ডাকবাংলো ভবনটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৮১টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুর উপজেলা পরিষদ এলাকায় সরকারি অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং দাপ্তরিক প্রয়োজনে আগত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় পর্যায়ে সরকারি অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পরিবেশ উন্নত করার ক্ষেত্রে আধুনিক এ ডাকবাংলো ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে একই দিন বেলা দুইটার দিকে শেরপুর উপজেলা পরিষদ মিলায়নাতনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে খামারকান্দি, খানপুর ও সুঘাট ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১’শ নারী-পুরুষের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।