আসল গানটি বেশ পুরনো। তিন দশক আগের। তবে বছর কয়েক আগে সেটার নতুন ভার্সন প্রকাশ করেন শিল্পী। আর তা অন্তর্জালে হয়ে যায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ার রিলে-রিলে ছড়িয়ে পড়ে ‘বুম্বাস্টিক’ গানটি।
কিন্তু এই গানের শিল্পী কে? বাংলাদেশের শ্রোতাদের অনেকেই হয়তো সেভাবে তাকে চেনেন না। শিল্পীর নাম শ্যাগি। জ্যামাইকান-আমেরিকান শিল্পী। আজ তার জন্মদিন। বিশেষ দিনে শ্যাগির সম্পর্কে জেনে নেওয়া যাকৃ
শ্যাগির আসল নাম অরভিল রিচার্ড বারেল। ১৯৬৮ সালের আজকের দিনে (২২ অক্টোবর) জ্যামাইকার রাজধানী কিংস্টনে জন্ম নেন তিনি। জনপ্রিয় কার্টুন ‘স্কুবি-ডু’র শ্যাগি চরিত্র থেকে শৈশবে তার ডাকনাম হয় শ্যাগি। সেটাই পরে তার স্টেজনেম হয়ে ওঠে।
বয়স যখন ১৮ বছর, তখন মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান শ্যাগি। সেখানেই ড্যান্সহল সংগীতের জগতে নিজের জায়গা তৈরির চেষ্টা শুরু করেন। তবে সংগীতের পাশাপাশি তার জীবনে ছিল সামরিক অধ্যায়ও। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে যোগ দেন এবং উপসাগরীয় যুদ্ধের সময় দায়িত্ব পালন করেন।
শ্যাগি
কিন্তু গান যার মনের ভেতর, অস্ত্র-গোলাবারুদে কতদিন আর থাকা যায়! তাই গানেই থিতু হলেন। ১৯৯০-এর দশকের প্রথম দিকে গানে মনোযোগী হন তিনি। তার প্রথম হিট গান ‘ওহ ক্যারোলিনা’ বাজারে আসে ১৯৯৩ সালে। পুরোনো স্কা গানটিকে ড্যান্সহলের আধুনিক ছন্দে নতুনভাবে উপস্থাপন করে তিনি শ্রোতাদের মন জয় করেন।