বর্তমান সরকার তাদের নিজেদের অনুকূলে থাকা বিষয়গুলোকে ‘বিপ্লব’ বলে অভিহিত করে, আর যেগুলোতে তাদের নেতৃত্ব ছিল না বা অনুকূলে যায় না, সেগুলোকে বিপ্লব না বলে কেবল ‘আন্দোলন-গণঅভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আজকে ৭ই নভেম্বর—বিপ্লব ও সংহতি দিবস এটাকে বলা হচ্ছে এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। দেখেন, ৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই বিপ্লব তো আর এক না। বর্তমান সরকার এটা করছে, তাদের পক্ষে যেটা যাচ্ছে সেটা তারা বিপ্লব বলে, আর যেটা তাদের পক্ষে যায় না, তাদের নেতৃত্ব ছিল না, বলে সেটা বিপ্লব না, সেটা আন্দোলন-গণঅভ্যুত্থান হয়ে যায়। কিন্তু আমরা ৭ই নভেম্বরকে বিপ্লব মনে করি, জুলাই বিপ্লবকেও আমরা বিপ্লব মনে করি।”
তিনি আরও বলেন, “৭ই নভেম্বরে যে বাদশাহী প্রতিষ্ঠা হয়েছিল, ১৯৭৫ সালে যে রক্ষীবাহিনী নির্যাতন করেছিল বাংলাদেশের জনগণকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধূলিস্যাত্ করেছিল, তার বিরুদ্ধে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে এক সামরিক ও জনগণের অভ্যুত্থান ঘটিয়েছিল। এই জুলাই গণবিপ্লবও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহী-জনতা, শ্রমিক-ছাত্রদের এক গণবিপ্লব সাধিত করেছিল। ফলে এই ইতিহাসগুলো আপনাদেরকে জানতে হবে।
বাংলাদেশের ইতিহাস জুলাই বিপ্লব হঠাৎ করে হয়ে যায়নি, সত্যি দিনে হয়ে যায়নি, বিগত ১৬ বছরেও হয়ে যায়নি। এটা বাংলাদেশের গত ১০০ বছরের ইতিহাস দেখতে হবে। বাংলাদেশকে যারা শোষণ-শাসন করতে দিয়েছে যুগে যুগে এবং বাংলাদেশের জনগণ বারবার উঠে দাঁড়িয়েছে মানবিক মর্যাদার জন্য, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আজও আবাসন সংকট, পরিবহন সংকট ও ন্যূনতম মানবিক মর্যাদার অভাব রয়েছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের এসব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জুলাইয়ের শহীদ ও ওসমান হাদীসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।