‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন একটি মারণাস্ত্র উন্মোচন করবে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহাবি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি এমন অস্ত্র যা শত্রুরা আগে দেখেনি।
ইরানের বিপ্লবী গার্ড এমন সময় নতুন অস্ত্র সামনে আনার কথা বলল যখন যুক্তরাষ্ট্র ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নামে একটি বিশালাকার বোমা ব্যবহারের পরিকল্পনা করছে। মার্কিন বাহিনীর কাছে ‘অ-পারমাণবিক’ যত বোমা আছে এরমধ্যে মাদার অব অল বোম্বস সবচেয়ে বড় ও প্রাণঘাতী।
বিপ্লবী গার্ডের মুখপাত্র নতুন অস্ত্র নিয়ে বার্তাসংস্থা ওয়াইজেসিএনএ-কে গতকাল বুধবার (২১ অক্টোবর) বলেন, “আমরা ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচন করার প্রস্তুতি পর্বে আছি। এটি শত্রুদের জন্য নতুন অস্ত্র।”
তবে অস্ত্রটি কী ধরনের, কতটা শক্তিশালী, এর কার্যক্ষমতা অথবা কখন এটি উন্মোচন করা হবে সেটি স্পষ্ট করেননি মোহাবি।
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ কী?
‘মাদার অব অল বোম্বস’ হলো বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা। মার্কিন অস্ত্রভাণ্ডারে এটি ‘বিশেষ সম্পদ’। এই বোমার সম্ভাব্য ব্যবহার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দিতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ইস্যুর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন।