ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াইয়ে বিরোধী নেতা গাদি আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটটি জানিয়েছে, তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। এর ফলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন আইজেনকট। তবে এই সমর্থন তাঁর সরকার গঠন নিশ্চিত করছে না।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্টের আসন ১১টি এবং রা’আমের আটটি। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
বৃহস্পতিবার জয়েন্ট লিস্টের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রেসিডেন্ট হারজগের কাছে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। এর আগে আটটি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন দল রা’আমও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এই দুই দলের সুপারিশের ফলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন দাঁড়িয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছেন ৪৬ জন।
তবে আইজেনকটের পক্ষে ৬৭ জনের সুপারিশ থাকলেও তাঁর সরকার গঠনের পথ সহজ নয়। জয়েন্ট লিস্ট জানিয়েছে, তারা সরকারে সরাসরি যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন দিতে চায়। অন্যদিকে আইজেনকটও আরব নেতৃত্বাধীন দল দুটিকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে সরকার পরিচালনায় প্রয়োজনীয় সংসদীয় সমর্থন কীভাবে নিশ্চিত করবেন, তা এখনো স্পষ্ট নয়।
নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ধর্মীয়-জাতীয়তাবাদী জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের বিরোধী জোটের আসন ৪৮। বাকি ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়েছে অতি অর্থোডক্স ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুদাইজমের সিদ্ধান্তে। দলটি প্রেসিডেন্টের কাছে কোনো প্রার্থীর নাম সুপারিশ করেনি। দলটির অভ্যন্তরে থাকা দেগেল হা তোরাহর চার আইনপ্রণেতাও নেতানিয়াহু বা আইজেনকট—কাউকেই সমর্থনের সুপারিশ করবেন না বলে জানিয়েছে। নেতানিয়াহুর জোট সরকারের পক্ষ থেকে হারেদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে না পারায় দলটির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।
নির্বাচনে আরব দলগুলোর ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি করেছেন নেতানিয়াহু। তিনি বিদেশি সহায়তায় আরব দলগুলো নির্বাচনে জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বা নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
এদিকে আরব দলগুলোর সঙ্গে বিরোধী জোটের সহযোগিতাকে ‘রাষ্ট্রদ্রোহ’ আখ্যা দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ। নির্বাচনের পর এক বিবৃতিতে দলটি সতর্ক করে বলেছে, জায়নবাদী দলগুলোর সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর সহযোগিতা ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে। অন্যদিকে প্রেসিডেন্ট হারজগ আরব সংখ্যালঘু জনগোষ্ঠীকে হেয় না করার আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক আলোচনায় বর্ণবাদী বক্তব্যের নিন্দা করেছেন।
বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজগ জানিয়েছেন, আগামী রোববার তিনি সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন প্রার্থীর নাম ঘোষণা করবেন। তাঁর বিবেচনায় যিনি সরকার গঠনে সবচেয়ে বেশি সক্ষম, তাঁকেই এ দায়িত্ব দেওয়া হবে। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী সরকার গঠন করতে না পারলে ইসরায়েলে আবার নির্বাচন হতে পারে। তত দিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্যসূত্র: রয়টার্স