সবজি উৎপাদনের জন্য পরিচিত বগুড়ায় এবার আগাম শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে প্রায় এক মাস আগে থেকেই উঠতে শুরু করেছে এসব সবজি। উৎপাদন ও সরবরাহ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি ক্রেতার সংখ্যা। ফলে উত্তরবঙ্গের বৃহত্তম সবজির মোকাম মহাস্থান হাটে দেখা দিয়েছে দরপতন।
জমিতে ফসল ফলাতে খরচের কমতি নেই। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি- সব মিলিয়ে সবজি উৎপাদনে বেড়েছে ব্যয়। অথচ সেই ফসল হাটে নিয়ে বিক্রি করতে হচ্ছে পানির দামে। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা, ফুলকপি ১৫-২০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ফুলকপি, মুলা, শিমসহ বিভিন্ন সবজির দাম অর্ধেকেরও বেশি কমেছে। এমনকি চিচিঙ্গা বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে।এতে উৎপাদন খরচ তুলতে না পেরে দিশেহারা পড়েছেন সবজিচাষিরা।
জেলা কৃষি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহও বেড়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
কৃষকেরা জানান, জমি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপেই তাদের খরচ করতে হয়। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় দিন দিন বেড়েই চলছে। এরপর সেই ফসল বাজারে নিয়ে আশানুরূপ দাম না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
সরেজমিনে বুধবার(৪ নভেম্বর) দুপুরে উত্তরবঙ্গের বৃহত্তম পাইকারি কাঁচা সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। সেখানে প্রতি কেজি মুলা ১০ টাকা এবং ফুলকপি ২০ টাকা দরে বিক্রি হয়েছে।
মহাস্থান হাটের রবিবারের পাইকারি বাজারদর অনুযায়ী প্রতি কেজি গাজর ১১০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৩০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, শসা ২৫ টাকা, আলু ২০ টাকা ও পেঁপে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতি হালি লেবু ২০ টাকা এবং প্রতি পিচ বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হয়েছে।
সকাল থেকেই হাজারো কৃষক, ক্রেতা ও বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে মহাস্থান হাট। হাটের বিভিন্ন স্থানে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের শীতকালীন সবজি। তবে সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। ফলে কাঙ্ক্ষিত দাম না পেয়ে বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করছেন কৃষকরা।
হাটে বর্তমানে প্রতি মণ চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। অর্থাৎ কেজিপ্রতি দাম পড়ছে মাত্র দুই টাকা। এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া করলা এখন ৩০ টাকা। একই সময়ে ৬০ টাকার ফুলকপি নেমে এসেছে ১৫ টাকায়। ৩০ টাকার মুলা বিক্রি হচ্ছে ৭ টাকা এবং ১৫০ টাকার শিম বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকা কেজি দরে।
এ ছাড়া ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ১৫ টাকা, ৫০ টাকার শসা ৩০ টাকা, ৮০ টাকার মরিচ ৩৫ টাকা, ৫৫ টাকার পেঁয়াজ ৪০ টাকা এবং ১০০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির দামও উল্লেখযোগ্য হারে কমেছে।
মোকামতলা এলাকা থেকে মহাস্থান হাটে ফুলকপি বিক্রি করতে আসা কৃষক নাসির উদ্দিন তারেক জানান, কম দামে সবজি বিক্রির পাশাপাশি ওজনের ক্ষেত্রেও তাদের ঠকতে হচ্ছে।
আগে ৪০ কেজিতে এক মণ হিসাব করা হলেও বর্তমানে হাটে এক মণ সবজি দিতে হচ্ছে ৪২ থেকে ৪৪ কেজি। অর্থাৎ প্রতি মণে অতিরিক্ত ২ থেকে ৪ কেজি সবজি দিতে হচ্ছে তাদের। এতে কম দামে ফসল বিক্রির পর ওজনের হিসাবেও লোকসান গুনতে হচ্ছে।
মহাস্থানগড়ে পাইকারি সবজি বাজারের আড়তদার রহেদুল ইসলামও সবজিচাষি। তিনি জানান, তিন বিঘা জমিতে মুলা চাষ করেছেন। বাজারে প্রতিদিন দাম কমতে থাকায় এবার তাঁর প্রায় ৩০ হাজার টাকা লোকসান হবে।
মোকামতলা উপজেলার শঙ্করপুর গ্রামের কৃষক জাহেদুর রহমান দুই মণ মুলা বিক্রির জন্য এনেছিলেন। তবে দাম এতটাই কম যে বিক্রির টাকা দিয়ে ভ্যানভাড়া ও শ্রমিকের মজুরিও মেটানো সম্ভব নয়। শেষ পর্যন্ত দেড় মণ মুলা বিক্রি করে বাকি মুলার ক্রেতা না পেয়ে সেগুলো রাস্তার পাশে ফেলে যেতে বাধ্য হন।
হাটে সবজি নিয়ে আসা কৃষকরা জানান, এবার আগাম শীতকালীন সবজির আবাদ ও ফলন ভালো হয়েছে। কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে আসায় দাম কমে গেছে। অনেক ক্ষেত্রে উৎপাদন ও পরিবহন খরচও উঠছে না। বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতেই সবজি বিক্রি করে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের। দাম কমে যাওয়ায় হতাশ হলেও লোকসান এড়ানোর কোনো সুযোগ নেই বলে জানান তাঁরা।
অতিরিক্ত ওজন নেওয়ার বিষয়ে রফিক নামের এক ব্যবসায়ী বলেন, কাঁচা সবজি পরিবহন ও সংরক্ষণের সময় শুকিয়ে ওজন কমে যায়। সেই ঘাটতি পুষিয়ে নিতেই অতিরিক্ত সবজি নেওয়া হয়।
বাজারে অন্যান্য সবজির তুলনায় মুলা ও ফুলকপির দাম কম থাকায় বেশি হতাশ এসব সবজির চাষিরা। তাদের আশঙ্কা, উৎপাদন খরচের সঙ্গে বিক্রিমূল্যের এমন অসামঞ্জস্য চলতে থাকলে আগামী মৌসুমে অনেক কৃষক সবজি চাষে আগ্রহ হারাতে পারেন।
স্থানীয় ব্যাপারীরা জানান, বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় তাঁরা কম দামে কিনতে পারছেন। পরে আশপাশের বিভিন্ন উপজেলায় এসব সবজি বিক্রি করে কিছুটা বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। তাঁদের জন্য কম দামে কেনাকাটা স্বস্তিদায়ক হলেও কৃষকদের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।
মহাস্থান হাটের ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি এ হাট থেকে সবজি কিনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। কাঁচামালের ব্যবসায় লাভ-লোকসান নিত্যদিনের ঘটনা। লাভ হলে যেমন ভালো লাগে, তেমনি লোকসান হলে কষ্ট হয়।
অন্যদিকে, পাইকারি বাজারের তুলনায় বগুড়া মহানগরের খুচরা বাজারগুলোতে এসব সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। মহানগরের ফতেহ আলী, রাজাবাজার, কলেজ বাজার, বিসিক কাঁচাবাজার ও মাটিডালী বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বগুড়া মহানগরের বাজারগুলোতে একই সবজি বিক্রি হচ্ছে মোকামের তুলনায় প্রায় দ্বিগুণ দামে। সেখানে চিচিঙ্গা কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা এবং মুলা ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিম ৫০ থেকে ৬০ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, মরিচ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফতেহ আলী বাজারের ব্যবসায়ী শফিকুল জানান, মহাস্থান হাট থেকে সবজি কিনে আনতে পরিবহনসহ বিভিন্ন খরচ হয়। এ কারণে মোকামের তুলনায় প্রতিটি সবজির দাম কিছুটা বেশি রাখতে হয়।
বগুড়া রাজাবাজার ব্যবসায়ী ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, মোকামের তুলনায় খুচরা বাজারে সবজির দাম বেশি থাকে। কোনো সবজির সরবরাহ বাড়লে দাম কমে যায়, আবার সরবরাহ কমলে দাম বেড়ে যায়। তবে তাঁর মতে, গতবারের তুলনায় এবার আগাম শীতকালীন সবজির দাম কম রয়েছে।