বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘বর্ষা চোখ’ গানটি আবারও আলোচনায় এসেছে। গানটি ইউটিউবে ৫ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। প্রেম, আবেগ আর প্রিয় মানুষকে সব দুঃখ থেকে আগলে রাখার আকুতিতে তৈরি গানটি দীর্ঘদিন ধরেই শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।

২০১৫ সালে সংগীতা থেকে প্রকাশিত ইমরানের একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’র সাত নম্বর গান দবর্ষা চোখ’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই।

গানটিতে প্রিয় মানুষের চোখে অশ্রু বা বিষাদ দেখতে না চাওয়ার আকুলতা এবং তাকে সবসময় সুখে রাখার প্রতিশ্রুতি ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছেও গানটি বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে গানটির সঙ্গে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের পারফরম্যান্সও চোখে পড়ছে।