প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারপ্রধানের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে সেখান থেকে সরানোর নজির নেই। তবে, বিগত সরকারপ্রধা‌নদের কোনো কো‌নো দেশ সফ‌রের আগে কনসাল জেনা‌রেল বা তার চে‌য়ে নি‌চের প‌দের কূটনী‌তিক‌দের ঢাকায় কিংবা অন্যত্র স‌রি‌য়ে নেওয়ার ন‌জির আছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরে এ ধরনের দুই থেকে তিনটি ঘটনার নজির রয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার চতুর্থ বিদেশ সফর। এই সময় সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবর পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছিল। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ মেনে তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।

সরকারপ্রধানের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে সেখান থেকে সরানোকে ‘নজিরবিহীন’ বলে মনে করছেন সাবেক ও বর্তমান কূটনীতিকরা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিদেশে বাংলাদেশের একটি মিশনের এক রাষ্ট্রদূত বলেন, কী কারণে প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূতকে জাপানে রাখা হচ্ছে না, সেটা আমার জানা নেই। এ সফর নিয়ে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত আলাপ-আলোচনা করেছেন। হঠাৎ করে কী এমন হলো যে, প্রধানমন্ত্রী যাবার আগ মুহূর্তে তাকে ফেরাতে হবে? যদি ওনার বিরুদ্ধে কোনো কিছু থেকে থাকে, সেটা তো আরও আগে দেখার দরকার ছিল। সফরের আগে রাষ্ট্রদূত না থাকাটা জাপান সরকার কীভাবে দেখে, তা কিন্তু গুরত্বপূর্ণ বিষয়। যাকে এ সফর সামলানোর জন্য টোকিওতে পাঠানো হয়েছে, তিনি যোগ্য ব্যক্তি। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি রাষ্ট্রদূত যতটা জানেন, তিনি স্বল্প সময়ে সেটা রপ্ত করতে পারবেন না; হয়ত চালিয়ে নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূতকে বাদ রাখার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ বলেননি পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিও দূতাবাসের কর্মকর্তারা। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানেন না।

২০০৯ সালের কথা স্মরণ করা যেতে পারে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সে সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর এবং হেড অব চ্যান্সারি ছিলেন দাউদ আলী। লন্ডনে তারেক রহমানকে (বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী) সহায়তার অভিযোগে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল। তখন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসআই একটি প্রতিবেদন দিয়েছিল।