বাংলাদেশে তৈরী পোশাক বিদেশে রফতানি করে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা আসে। দেশের ত্রিশ লাখ নারীসহ প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস সেক্টরকে কেন্দ্র করে আরো কিছু পেশায় লাখো মানুষ জড়িত। দেশের অর্থনীতির চাকা গতিশীল এবং ৪০ থেকে ৫০ লাখ লোককে বেকারত্বের হাত থেকে রক্ষায় এ সেক্টরকে সচল রাখতে হবে। গার্মেন্টস খাতের চলমান সংকট ও অসন্তোষের একটি স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত এবং কার্যকর রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, লাখ লাখ মানুষের কর্মক্ষেত্র নিরাপদ রাখতে হলেও তৈরী পোশাক শিল্পকে রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। 

দীর্ঘমেয়াদে গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে রাজনৈতিক দল, শিল্প মালিক, শ্রমিক সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বিত রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত অপরিহার্য। মালিক-শ্রমিক দুই পক্ষকেই রক্ষা করতে হবে। গার্মেন্টস সেক্টরে অস্থিরতার মধ্যেই তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণের লক্ষ্যে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বলেছেন, ‘শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি বিবেচনায় নিয়ে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে। ইনশাল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে করে আমাদের শ্রমিক ভাই-বোনেরা এর চেয়েও ভালো থাকতে পারেন।’ 

গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন রাজপথে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। রাজধানী ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জের গার্মেন্টস পল্লীগুলো করে তোলা হয়েছিল বিস্ফোরণোন্মুুখ। পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করা এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করতেই যে পরিকল্পিতভাবে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তা ওপেন সিক্রেট। 

গোয়েন্দা তথ্য বলছে, ‘শর্সের ভেতর ভূতের’ মতোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ চেতনার কিছু গার্মেন্টস মালিক, জুলাই অভ্যুত্থানের আগের সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী-এমপি এবং তাদের পরিবারের সদস্যরা গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টির নেপথ্যে ছিল। তারা পর্দার আড়াল থেকে অর্থের যোগান দেয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগের কর্মীদের ঢাকায় এনে রাস্তায় নামিয়েছেন। ঢাকা শহরে যে ব্যাটারিচালিত রিকশা চালায় এদের বড় অংশ গ্রাম-গঞ্জ থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতাকর্মী। তাদেরও গার্মেন্টস শ্রমিকদের ব্যানারে রাস্তায় নামানো হয়েছিল। কোনো কোনো গার্মেন্টস মালিক দেশের স্বার্থের কথা চিন্তা না করে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে এমন প্রেক্ষাপট তৈরির লক্ষ্যে নিজ নিজ গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সকালে হাজিরা নিয়ে রাস্তায় নামার ইন্ধন দিয়েছে। গোয়েন্দা তথ্যে জানা যায়, সাবেক এমপি এ কে আজাদের হামিম গ্রুপ, সালাম মুর্শিদীর এনভয় গ্রুপ, ফয়জুল রহমানের তুসুকা গ্রুপ, ইলিয়াস মোল্লার গার্মেন্টস, সাবেক মন্ত্রী টিপু মুনশির সিপাল গ্রুপ, সাবেক প্রতিমন্ত্রীর রেনেসা গ্রুপ, নসরুল হামিদ বিপুর হামিদ গ্রুপ, তাজুল ইসলামের ফেরিয়ান গ্রুপ, খসরু চৌধুরীর নিপা গ্রুপ, জাহিদ আহমেদ টুলুর এক্সসিসি নিটওয়্যার, এ কে এম মোশাররফ হোসেনের স্ট্যান্ডার্ড গ্রুপ, মাসুমা খাতুন লিপার গিভেনসি গ্রুপের শ্রমিকদের হাজিরা নিয়ে রাস্তায় নামানো হয়। 

এমনকি পুলিশ যাতে মারমুখী হয়ে রাস্তায় গার্মেন্টস শ্রমিকদের লাশ ফেলে অঘটন ঘটিয়ে সাধারণ শ্রমিকদের বিক্ষুব্ধ করে তোলেন সে লক্ষ্যে অর্থ ছড়ানো হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যারা ফ্যাসিস্ট হাসিনার চেতনাধারী তাদের টাকা দেয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে। বেশির ভাগ গার্মেন্টস শ্রমিক নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেলেও এখনো আশঙ্কা রয়েছে তারা যেকোনো উসকানিতে আন্দোলনে ফিরতে পারে। কারণ যেসব গার্মেন্টসে বিদেশি মালিক এবং দেশি-বিদেশি মালিকের যৌথ মালিকানা এবং বিদেশি শ্রমিকরা যেসব গার্মেন্টসে কাজ করেন সেসব গার্মেন্টসের সামনে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হয়।


গার্মেন্টস সেক্টরে কয়েক দিন ধরে চলা অস্থিরতা রাজপথে সংঘাত ঠেকাতে সরকার ও ক্ষমতাসীন দল নানাবিধ চেষ্টা করছেন। অথচ গার্মেন্টস শ্রমিক আন্দোলন ইস্যুতে রহস্যজনক বক্তব্য দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত। জামায়াত জোটের শরিক দল এনসিপির নেতারা ‘রাজপথে আন্দোলনরত তথাকথিত শ্রমিকদের’ সমর্থন করেছেন। আর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রথম দিকে শ্রমিকদের পক্ষ নিয়ে বক্তব্য দিলেও পরিস্থিতি বুঝে সংযমী হয়েছেন। তিনি পোশাক শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, শিল্প খাতের ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের অপব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে’। তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশের পোশাক শিল্পের শ্রমিকেরা অত্যন্ত কঠিন জীবনযাপন করছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসসহ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েছে। কিন্তু সে তুলনায় শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।’

গতকাল সংবাদ সম্মেলন করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শ্রমিকদের জন্য ১৫ দফা দাবিনামা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় পোশাক শিল্পের শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন।’ সংবাদপড়ুন

বাস্তবতা হচ্ছে দেশের অর্থনীতি এখনো খাদের কিনারে। ফ্যাসিস্ট শেখ হাসিনা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ফোকলা করে পালিয়েছেন। ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছেন, প্রতিটি নাগরিকের ঘাড়ে প্রায় এক লাখ ৩০ হাজার করে বিদেশি ঋণের বোঝা। নির্বাচিত নতুন সরকারকে এই ঋণ পরিশোধ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগ আসছে না দেশে। বিদেশি বিনিয়োগ আনতে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্র্বতী সরকার ২০২৫ সালে ঢাকায় ‘আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন’ করেছিল। ওই সম্মেলনে অর্থশতাধিক দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করে বাংলাদেশে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বলা হয়েছিল নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই বিনিয়োগ করা হবে। কিন্তু সে প্রতিশ্রুতির এক টাকাও বিনিয়োগ হয়নি। উল্টো নতুন কর্মসংস্থানের বদলে উল্টো ব্যাপক হারে বেকারত্ব বেড়েছে। বর্তমানে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রধান উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স আর তৈরী পোশাক রফতানির বিদেশি মুদ্রা। কিন্তু গার্মেন্টস সেক্টরে বিদেশি অর্ডার কমে গেছে।

দেশে গার্মেন্টস শিল্পের পত্তন হয়েছিল বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। মূলত জিয়াউর রহমানের শাসনামলে দেশের তৈরী পোশাক শিল্পের প্রাথমিক ভিত্তি ও বিদেশি রফতানির সূচনা হয়। ১৯৭৭ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ‘ডেউ করপোরেশন’-এর সঙ্গে বাংলাদেশের প্রথম রফতানিমুখী পোশাক কারখানা ‹দেশ গার্মেন্টস’ ব্যবসা শুরু করে। নুরুল কাদের খান নামের এক ব্যবসায়ী ওই গার্মেন্টস প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের সরকার পোশাক শিল্পকে এগিয়ে নিতে ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা, বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা এবং রফতানি আয়ের ওপর আয়কর প্রত্যাহারের মতো পদক্ষেপ গ্রহণ করায় বিগত শতকের আশির দশকে গার্মেন্টস শিল্পের বিকাশ শুরু হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে তৈরী পোশাক রফতানিতে প্রথম অবস্থান চীনের। এরপরই দ্বিতীয় অবস্থান ভিয়েতনামের। বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। অথচ কয়েক বছর আগেও চীনের পরই ছিল বাংলাদেশের অবস্থান।