বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছিল। এখন তাদের ওরসজাত সন্তান কৃষি বান্ধব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষিকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা, গ্রীষ্মকালীণ কাঁচা মরিচ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রচুর আম বাগান রয়েছে। কিন্তু আম বাগানগুলোতে গাছ লাগানোর দূরত্ব পর্যবেক্ষণ করে এর মাঝেমাঝে আদা লাগানো হলে বছরে যে পরিমান আদা আমদানী করতে হয় হয়তো তার চেয়ে বেশি আদা আমরা বাংলাদেশ থেকেই রপ্তানী করতে পারবো। এছাড়া একইভাবে মরিচ ও টমেটোর মতো কৃষিপণ্য উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানী করে কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ বর্তমান সরকারের মূল লক্ষ্য।
এ সময় সার সংকটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য আরো ৩ হাজার টন সার বরাদ্দ দেয়া হয়েছে। আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুদও রয়েছে। তাই আগামী মাসে চাহিদা অনুযায়ী আরও বেশি সার বরাদ্দ দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আর ভবিষ্যতেও সারের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তবে যে সব সার ডিলারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং নিয়োগে অনিয়ম হয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদের তদন্ত করে পুনর্বিবেচনা করা হবে।
এর আগে সদর উপজেলার বাবুডাইং এলাকার একটি টমেটো ক্ষেত পরিদর্শন করেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী। পরে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।