আওয়ামী লীগকে একাই মোকাবেলা করছে বিএনপি, জামায়াত-এনসিপি রাজপথে ছিল না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী তিন মাস (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) রাজপথে কড়া পাহারা দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।

​রাশেদ খাঁন তার পোস্টে শহীদ ওসমান হাদীর প্রসঙ্গ টেনে জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে এবং যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলেই সেখানে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা করবে। আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ ওসমান হাদীর পথ কি অনুসরণ করতে পারবে জামায়াত-এনসিপি? আর যদি সেটি না করতে পারে তাহলে ধরেই নিতে হবে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক স্বার্থে তারা শহীদ ওসমান হাদীকে বেচা বিক্রি করে। প্রকৃতপক্ষে জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে যোজন যোজন দূরে।”

​শ্রমিক অসন্তোষ ও মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য মজুরি বোর্ড ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সরকার, মালিক ও শ্রমিক পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে; কারো একার পক্ষে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

​তবে এই প্রক্রিয়ার মাঝেও উসকানি দেওয়া হচ্ছে দাবি করে তিনি জাতীয় নাগরিক পার্টি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক নেতার ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, “তারপরও নাহিদ ইসলাম আন্দোলনকে উস্কে দিতে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন।

তিনি বলেছেন, ‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে।’ এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম শ্রমিকবেশে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। তিনি কি তাহলে আন্দোলনের নামে আওয়ামী দুর্বৃত্তদের সৃষ্ট সেই অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে?”

​নিজের পূর্বের বক্তব্যের পুনরাবৃত্তি করে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমানে বিএনপিকে দুটি বিরোধী দলের অপতৎপরতা সামলে দেশ চালাতে হচ্ছে। তিনি লেখেন, “বেশকিছুদিন আগে আমি বলেছিলাম, দুইটা বিরোধীদলের (বর্তমান বিরোধীদল ও পতিত স্বৈরাচার) অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। সেই কথা আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো।

রাজপথে যতবারই আওয়ামী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে আসবে, সেটা শুধু বিএনপিকেই মোকাবিলা করতে হবে, ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না। বরং দুঃখজনক হলেও সত্য যে, জামাত-এনসিপি এখন ক্ষমতায় যাওয়ার মোহে পতিত ফ্যাসিস্ট অপশক্তির সাথে তাল মিলিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করতে থাকবে।”

​পোস্টের শেষাংশে স্বস্তি প্রকাশ করে তিনি জানান, সাধারণ শ্রমিকরা উসকানিতে পা না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে লেখেন, “আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টস কর্মীরা।”