ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফলাফলে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে প্রধান বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে বসানোর উদ্যোগ নিয়েছে বিরোধী দলগুলো। অন্যদিকে, নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগের পক্ষে ফলাফল পরিবর্তন করতে পারে—এমন কোনো প্রমাণ না পাওয়ায় নির্বাচনের চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটি। বুধবার (৪ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ফলাফল হস্তান্তর করা হয়। 

নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী রা’আম ও জয়েন্ট লিস্ট। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১১টি এবং রা’আম আটটি আসন পেয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে আরব দলগুলোর জন্য এটি রেকর্ডসংখ্যক আসন।

প্রসঙ্গত, সরকার গঠনের জন্য নেসেটের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন। কিন্তু নির্বাচনে কোনো জোটই সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন কিংবা তাদের সমর্থনে সংখ্যালঘু সরকার পরিচালনার বিষয়ে বিরোধী জোটের মধ্যেও মতপার্থক্য রয়েছে। একই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনাও বিরোধী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতির কারণে জটিল হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট হারজোগ সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে এসে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। বুধবার ফলাফল গ্রহণের পর তিনি বলেন, নির্বাচনে কোনো স্পষ্ট বিজয়ী নেই। তাই নতুন নির্বাচন এড়াতে সব দলকে সাহস, সৃজনশীলতা ও সদিচ্ছার পরিচয় দিতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন। 


এদিকে, বিরোধী জোটের সরকার গঠনের উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে আরব দলগুলোর অবস্থান। বুধবার রা’আম পার্টি ঘোষণা করেছে, তারা সরকার গঠনের জন্য আইজেনকটকে সমর্থন দেওয়ার সুপারিশ করবে। এতে তার পক্ষে সমর্থনের সম্ভাব্য সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। জয়েন্ট লিস্টও আইজেনকটের সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে। দলটির ১১ সদস্যের সমর্থন পেলে তিনি প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। তবে এ বিষয়ে দলটির চূড়ান্ত অবস্থান এখনো স্পষ্ট নয়।

কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গ জানান, নির্বাচনের পর ৯ হাজার ৬৯টি ভোটকেন্দ্রের নথি ও কার্যবিবরণী পর্যালোচনা করা হয়েছে। এতে ভোটের স্বচ্ছতা ক্ষুণ্ন হয়েছে কিংবা ফলাফল পরিবর্তিত হয়েছে—এমন কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। তবে জালিয়াতির অভিযোগের তদন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রমাণ ছাড়াই নির্বাচনের ফলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ইসরায়েলের গণতন্ত্রের জন্য বড় হুমকি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ শেষে সরকার গঠনের জন্য উপযুক্ত প্রার্থীকে দায়িত্ব দেওয়া হবে। মনোনীত ব্যক্তি প্রথমে ২৮ দিন সময় পাবেন। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। এরপরও ব্যর্থ হলে বিকল্প প্রক্রিয়ায় সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। কোনো পক্ষই সরকার গঠনে সক্ষম না হলে আগামী বছরের শুরুতে দেশটিতে আবারও আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।