বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদকের ভয়াবহ প্রভাবে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তাহলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিস্তার ও প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি ও সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় এশিয়া-প্যাসিফিক, আসিয়ান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিভিন্ন বৈঠকে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ব্যাটারি ও সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব। এতে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও বলেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা মূলত জনগণের করের টাকা। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে। সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

তিনি ‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগান সামনে রেখে প্রকৃতি থেকে আলো গ্রহণের মাধ্যমে দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ক্ষতি রোধে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।