ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের অনুমোদিত ফলাফল গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে দলগুলোর নেতাদের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন।
বুধবার প্রেসিডেন্টের এই পদক্ষেপের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনকে বিতর্কিত বা অকার্যকর করার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা লেগেছে। ১২০ সদস্যের পার্লামেন্টে নেতানিয়াহু ও তার সহযোগীরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, অন্যদিকে আরব-চালিত দলগুলো ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।
প্রেসিডেন্ট হারজোগ বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়।
২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট- কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। নির্বাচনে প্রধানমন্ত্রীর জোট পেয়েছে ৫৩টি আসন, আর আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন।
এর ফলে দুই নেতার (নেতানিয়াহু ও আইজেনকোট) মধ্যে একটি সমঝোতা জোট গঠন কিংবা আরব-চালিত দুটি প্রধান দল- 'রাম’ ও 'জয়েন্ট লিস্ট'-এর সাথে আইজেনকোটের জোটের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই আরব দল দুটি রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে।
বুধবার রাতে প্রথম দিনের আলোচনা শেষে হারজোগ জানান, বৃহস্পতিবারও আলোচনা অব্যাহত থাকবে।
এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় হারজোগ জানান, বুধবার তিনি ধর্মীয় জায়নবাদ ও জেহুত, শাস এবং ইজরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। দলগুলো সরকার গঠনের দায়িত্ব দিতে কাকে মনোনীত করা উচিত, সে বিষয়ে তাদের সুপারিশ জমা দিয়েছে।
নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোটের সমর্থক তিনটি দল প্রধানমন্ত্রীকে আবার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে। অন্যদিকে, নেতানিয়াহুর সাবেক সহযোগী ও বর্তমানে তার প্রতিদ্বন্দ্বী একটি দল আইজেনকোটকে সমর্থন দিয়েছে।
বৃহস্পতিবার আইজেনকোটের 'ইয়াশার' দল এবং নেতানিয়াহুর 'লিকুদ' পার্টিসহ আরও আটটি দল প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।