মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলকে বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। দেশজুড়ে সিনেট, প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং গভর্নর পদে ডেমোক্রেট প্রার্থীদের এই একচ্ছত্র আধিপত্যকে বিশ্লেষকরা অভিহিত করছেন এক বিরাট ‘ব্লু সুনামি’ বা ‘নীল ঝড়’ হিসেবে। ডেমোক্রেটদের নিজেদের ধারণাকেও ছাড়িয়ে গেছে এই ফলাফলের ব্যাপকতা। নির্বাচনে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং সিনেট—উভয় কক্ষেই নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ডেমোক্র্যাটরা। 

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪৩৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের বিপরীতে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২২৮টি আসনে জয় নিশ্চিত করেছে, রিপাবলিকানরা পেয়েছে ১৩৯টি আসন। অন্যদিকে, ১০০ সদস্যের সিনেটে নিয়ন্ত্রণের ম্যাজিক ফিগার ৫১টি আসন হলেও ডেমোক্র্যাটরা অর্জন করেছে ৫৪টি আসন, সেখানে রিপাবলিকানরা পেয়েছে ৪৪টি আসন। 

নির্বাচনে ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বা ‘রেড স্টেট’ হিসেবে পরিচিত বেশ কিছু অঙ্গরাজ্য এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতেও বড় ধরনের উত্থান ঘটিয়েছে ডেমোক্র্যাট পার্টি। এর মধ্যে অন্তত সাতটি গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বিশেষ করে ক্যানসাস রাজ্যে দীর্ঘ প্রায় এক শতাব্দী পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট সেনেটর নির্বাচিত হয়েছেন। 

ক্যানসাস ছাড়াও আইওয়া, টেক্সাস, ওহাইও, মেইন, উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতেও রিপাবলিকানদের আসনগুলোতে হানা দিয়ে জয় তুলে নিয়েছে ডেমোক্র্যাটরা। এছাড়া প্রতিনিধি পরিষদের লড়াইয়েও দুই ডজনের বেশি আসনে রিপাবলিকানদের কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা, যা মার্কিন রাজনীতিতে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গভর্নর পদেও টানা দুই দশক পর ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। 

পূর্বে ৫০টি রাজ্যের মধ্যে ২৬টিতে রিপাবলিকান গভর্নর থাকলেও, আগামী ২০১৭ সাল থেকে অন্তত ২৮টি রাজ্যে ডেমোক্রেট গভর্নরদের শাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে ট্রাম্পের সাবেক ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস, জর্জিয়া, ওহাইও এবং আইওয়ার মতো দীর্ঘদিনের রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটরা জয়লাভ করেছে। জর্জিয়া রাজ্যে কেসিয়া ল্যান্স বটমস বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

‘প্রেসিডেন্ট নির্বাচনে যেভাবে ভোট দিতেন, ঠিক সেভাবেই ভোট দিন—ধরে নিন আমি নিজেই ব্যালটে আছি।’ নির্বাচনের প্রচারণাজুড়ে এক বা দু’বার নয়, টানা ৪৭ বার ভোটারদের প্রতি ঠিক এই আকুল আবেদনই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটাররা ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিয়েছেন ঠিকই, তবে ফলাফল এসেছে তার আশা ও প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে। 

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে এক বিশাল ‘ডেমোক্রেটিক ঢেউ’ বা গণজোয়ার দেখা গেছে। মার্কিন রাজনীতির মঞ্চে এক দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে রাখা এই অত্যন্ত বিতর্কিত রাষ্ট্রপ্রধানের প্রতি জনগণের তীব্র অসন্তোষ ও প্রত্যাখ্যানের বহিঃপ্রকাশ ঘটেছে এই রায়ে। সাবেক যেকোনো প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প নিজেকে এই নির্বাচনের কেন্দ্রবিন্দু বা রেফারেন্ডামে পরিণত করেছিলেন এবং চূড়ান্ত বিচারে তাকে এর চড়া মূল্য দিতে হলো। 


নির্বাচনী ধাক্কাটি রিপাবলিকানদের জন্য কতটা নির্মম ছিল তা স্পষ্ট হয় তথাকথিত ‘রেড স্টেটস’ বা কট্টর রিপাবলিকান ঘাঁটিগুলোতেও ভোটের বড় ধ্বস দেখে। এই রায় প্রমাণ করে যে, ট্রাম্পকে দ্বিতীয়বার হোয়াইট হাউসে পৌঁছে দেওয়া সেই শক্তিশালী রাজনৈতিক জোটের ওপর তার প্রভাব এখন অনেকটাই শিথিল। জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, ইরানের সাথে একটি দীর্ঘায়িত ও জটিল যুদ্ধ এবং ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা জঘন্য আর্থিক অনিয়ম ও লাভজনক বাণিজ্যের অভিযোগে ক্ষুব্ধ ভোটাররা—যারা ইতিপূর্বে পরিবর্তনের আশায় এই বহিরাগত নেতাকে বেছে নিয়েছিলেন—তারা এবার হয় রিপাবলিকান দলকে বর্জন করেছেন, নয়তো ভোট দেওয়া থেকেই বিরত থেকেছেন। 

ডেমোক্রেটদের এই বিশাল বিজয়ের পর এখন মার্কিন রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে—এই রায় কি আমেরিকার রাজনৈতিক ভাবধারায় এক স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি সাময়িক অসন্তোষের ফল? বিশ্লেষকদের একাংশের মতে, অর্থনৈতিক চাপ ও ট্রাম্পের ওপর সাময়িক বিরক্তি থাকলেও ডোনাল্ড ট্রাম্পের গড়ে তোলা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থক জোট একবারে মুছে যায়নি। তবে প্রেসিডেন্টের শেষ দুই বছরের মেয়াদ যে তীব্র রাজনৈতিক টানাপোড়েন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাটবে, তা অনেকটাই নিশ্চিত। 

ইরানে হামলার কারণে পরাজয়, স্বীকারোক্তি ট্রাম্পের : মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে চলমান সংঘাত বড় ধরনের ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর একটি বড় অংশ জুড়ে ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ ইরানের বিষয়ে আমার নেওয়া পদক্ষেপগুলোর গুরুত্বও বুঝতে পেরেছে। সাধারণ ভোটাররা হয়তো জ্বালানি তেলের দাম বৃদ্ধির মতো স্বল্পমেয়াদী পরিণতিগুলোকে সহজে মেনে নিতে প্রস্তুত ছিল না।’

 নির্বাচনী ধাক্কা সামলে নিজের মন্ত্রীসভায় কোনো পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে নীতিগত বিষয়ে প্রয়োজনে লড়তে প্রস্তুত তিনি। কংগ্রেসে ডেমোক্র্যাটরা কোনো ‘অযৌক্তিক’ বিল পাস করার চেষ্টা করলে তিনি তা সোজাসাপ্টা ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দেবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

রেকর্ড ৮ মুসলিম প্রার্থীর জয় : মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক নতুন ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অন্তত আটজন মুসলিম আইনপ্রণেতা বিজয়ী হয়েছেন। নাগরিক অধিকার, উন্নত স্বাস্থ্যসেবা এবং গাজায় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে রেখে তারা এবারের নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন।

আবদুল এল-সায়েদ (মিশিগান) : ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ অবসরপ্রাপ্ত সিনেটর গ্যারি পিটার্সের আসনে জয়ী হন। নির্বাচনি প্রচারণাকালে তিনি রিপাবলিকান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় আক্রমণের শিকার হন। সাইয়েদ ইসরাইলে যুক্তরাষ্ট্রের শর্তহীন অস্ত্র হস্তান্তরের সমালোচনা করেন এবং গাজায় ইসরাইলি অভিযানকে গণহত্যা বলে আখ্যা দেন।

আদম হামাভি (নিউ জার্সি) : ৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাভি নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলেকে হারিয়ে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে রাজ্যটির প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। তিনি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক চিকিৎসক ও ইরাক যুদ্ধের প্রবীণ সৈনিক। ২০২৪ সালে তিনি গাজার ইউরোপীয় হাসপাতালে সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

দারিওলাইজা অ্যাভিলা শ্যাভালিয়ার (নিউ ইয়র্ক) : নিউ ইয়র্ক থেকে জয়ী এই ডেমোক্র্যাট প্রার্থী একজন নাগরিক অধিকার বিষয়ক গবেষক ও ইসলাম ধর্মে ধর্মান্তরিত ডেমোক্র্যাট। জুনের প্রাথমিক নির্বাচনে দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রতিনিধি আদ্রিয়ানো এস্পাইলাতকে পরাজিত করার পর মূল নির্বাচনে তিনি ৮৫ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। 

আবের কাওয়াস (নিউ ইয়র্ক) : নিউ ইয়র্ক স্টেট সেনেটের ১২ নম্বর আসনে দুর্দান্ত জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী আবের কাওয়াস। এর মধ্য দিয়ে তিনি নিউ ইয়র্ক স্টেট আইনসভায় প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি আমেরিকান হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত নির্বাচনি ফলাফলে দেখা গেছে, ভোট গণনার ৯০ শতাংশ সম্পন্ন হওয়ার পর আবের কাওয়াস প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মনোনীত প্রার্থী হান খন তো-কে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি এই ঐতিহাসিক জয় তুলে নেন।

সিনেট ও প্রতিনিধি পরিষদে নতুন চারজনের পাশাপাশি পূর্বের চার মুসলিম আইনপ্রণেতাও পুনর্বিনাচিত হয়েছেন। তারা হচ্ছেন, রশিদা তালিব (মিশিগান), ইলহান ওমর (মিনেসোটা), আন্দ্রে কার্সন (ইন্ডিয়ানা) এবং লতিফা সাইমন (ক্যালিফোর্নিয়া)। এছাড়া ক্যালিফোর্নিয়ার আরেকটি আসন থেকে প্রার্থী হওয়া মুসলিম প্রার্থী আয়েশা ওয়াহাব ভোট গণনায় শুরুর দিকে এগিয়ে রয়েছেন।

নতুন ইতিহাস গড়লেন যারা : যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যালটের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত জয়ী হয়ে ইতিহাস গড়তে চলেছেন একঝাঁক প্রার্থী। সিএনএন-এর ‘ডিসিশন ডেস্ক’-এর প্রক্ষেপণে এমন আভাস উঠে এসেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষার্ধে পা রাখার মুহূর্তে ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় শিবিরেই যুক্ত হচ্ছেন বৈচিত্র্যময় একদল নতুন আইনপ্রণেতা ও গভর্নর।  যাদের বিজয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস হতে চলেছে:
প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার : যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনার পথে রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতা হাকিম জেফ্রিস। এর মাধ্যমে মার্কিন আইনসভার অন্যতম শীর্ষ এই পদে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর 

জর্জিয়ার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর এবং প্রথম নারী গভর্নর হতে চলেছেন কিশা ল্যান্স বটমস। একই সঙ্গে তিনি গোটা যুক্তরাষ্ট্রের ইতিহাসেই প্রথম কোনো রাজ্যের কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর 

নিউ হ্যাম্পশায়ারের ইউএস সেনেট নির্বাচনে জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘোষিত সমকামী পুরুষ সেনেটর হতে যাচ্ছেন ক্রিস পাপাস।

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর 

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে চলেছেন রিপাবলিকান দলের বায়রন ডোনাল্ডস। কট্টর রক্ষণশীল হয়ে ওঠা এই রাজ্যে কর সংস্কার, ডাটা সেন্টারের বিস্তারে নিয়ন্ত্রণ আরোপ এবং ডনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান তিনি। ভোটের লড়াইয়ের শুরুতেই ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছিলেন ডোনাল্ডস। সংবাদদেখুন

সাউথ ক্যারোলাইনার প্রথম নির্বাচিত নারী সেনেটর 

 সাউথ ক্যারোলাইনায় প্রথম নির্বাচিত নারী সেনেটর হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। টানা প্রায় তিন দশক রিপাবলিকানদের দখলে থাকা আসনটিতে তিনি ট্রাম্পের সমর্থনে নিয়োগপ্রাপ্ত সেনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করে বড় অঘটন ঘটিয়েছেন।

টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর 

টেক্সাসের প্রথম হিস্পানিক গভর্নর হতে চলেছেন ডেমোক্র্যাট দলের জিনা হিনোহোসা। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে গভর্নর ভবনে থাকা প্রভাবশালী রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন তিনি। নির্বাচনী প্রচারে গর্ভপাতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দেয়। আইনজীবী ও অঙ্গরাজ্যের আইনপ্রণেতা ৫২ বছর বয়সী হিনোহোসাই ১৯৯০ সালে অ্যান রিচার্ডসের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে টেক্সাসের গভর্নর নির্বাচিত হলেন। একইসঙ্গে রাজ্যটির ইতিহাসে তিনি তৃতীয় নারী গভর্নর।

কলোরাডো থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্য :

কলোরাডোর ১ম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মেল্যাত কিরোস। তিনি রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ২৯ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও আইনজীবী কিরোস একই সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের সর্বকনিষ্ঠ বা ‘জেনারেশন-জেড’ অংশের সদস্য হিসেবে আইনসভায় যোগ দিচ্ছেন।

নিউ ইয়র্ক থেকে প্রথম আদিবাসী নারী কংগ্রেস সদস্য 

নিউ ইয়র্কের ৭ম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে রাজ্যটির প্রথম নারী আদিবাসী আমেরিকান আইনপ্রণেতা হিসেবে কংগ্রেসে যাচ্ছেন ক্লেয়ার ভালদেস। এক মেয়াদে অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি সদস্য থাকা ভালদেসের এই বিজয় ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের বাড়তি শক্তিকে স্পষ্ট করেছে। নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় মেয়র জোহরান মামদানি শুরু থেকেই ভালদেসের পক্ষে মাঠে ছিলেন।

মিশিগান থেকে প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য 

মিশিগানের ১১তম ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে অঙ্গরাজ্যটির প্রথম ঘোষিত সমকামী কংগ্রেস সদস্য হচ্ছেন সাবেক রাজ্য সেনেটর জেরেমি মস। ইউএস সেনেট নির্বাচনে লড়তে গিয়ে ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে পদত্যাগ করা হ্যালি স্টিভেনসের ছেড়ে দেওয়া শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান তিনি। সংবাদদেখুন

ওহাইওতে প্রথম নির্বাচিত নারী গভর্নর 

ওহাইওতে নির্বাচিত প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের অ্যামি অ্যাক্টন। তিনি ২০০৬ সালের পর রাজ্যটিতে জয়ী প্রথম ডেমোক্র্যাট গভর্নর। একটি বিতর্কিত আক্রমণাত্মক নির্বাচনী বিজ্ঞাপনের জেরে এই লড়াইটি গোটা দেশের নজর কেড়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অ্যাক্টন রিপাবলিকানদের আলোচিত তরুণ নেতা বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন।

ক্যালিফোর্নিয়ায় প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর 

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত ল্যাটিনো গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জেভিয়ার বেসেরা। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় রাজ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখল ডেমোক্র্যাটরা। বাইডেন প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী, সাবেক কংগ্রেস সদস্য ও রাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল বেসেরা তীব্র প্রাইমারি লড়াই পেরিয়ে গভর্নর গ্যাভিন নিউসমের উত্তরসূরি হন।

প্রথমবার একযোগে দায়িত্ব পালন করবেন ৩ কৃষ্ণাঙ্গ নারী 

যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে। ইলিনয় অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেটর নির্বাচিত হওয়ায় আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একই সময়ে দেশটির সিনেটে তিনজন কৃষ্ণাঙ্গ নারী প্রতিনিধিত্ব করবেন। স্ট্র্যাটন সিনেটে যুক্ত হবেন ডেমোক্র্যাট দলের দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার (ডেলাওয়্যার) ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের (মেরিল্যান্ড) সঙ্গে। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তাঁরা দুজন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবাদদেখুন

ডেমোক্রেটদের জয়ে বিশ নেতাদের প্রতিক্রিয়া 

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির বড় বিজয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্বনেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনামে এই নির্বাচনী ফলাফল প্রাধান্য পায়। ফরাসি পত্রিকা ‘লিবেরাসিওঁ’ এই জয়কে ‘নীল তরঙ্গ’ এবং ব্রিটেনের ‘ডেইলি মেইল’ ‘ঐতিহাসিক নীল সুনামি’ হিসেবে আখ্যা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ তাদের শিরোনামে উল্লেখ করেছে— ‘ট্রাম্পের জন্য মধ্যবর্তী নীল হতাশা।’

যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও এই নির্বাচনের দিকে কড়া নজর ছিল। ইউক্রেনের অনলাইন পত্রিকা ‘দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ আশাবাদ ব্যক্ত করে শিরোনাম করেছে: “ট্রাম্পকে ধাক্কা দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে, ইউক্রেনের জন্য সম্ভাব্য সহায়তার ইঙ্গিত।” তবে ভিন্ন অবস্থান নিয়েছে রাশিয়া। রাশিয়ার সরকারি সংবাদপত্র ‘রোসিস্কায়া গাজেতা’ পূর্বাভাস দিয়েছে যে, এর ফলে ট্রাম্পের ক্ষোভ ইউরোপের ওপর গিয়ে পড়তে পারে। অন্যদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে জানান, ডেমোক্রেটিক পার্টির এই প্রত্যাবর্তনে মার্কিন-রুশ সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কম।

মধ্যপ্রাচ্যেও পড়েছে এই নির্বাচনের ছায়া। ইরানের ‘তেহরান টাইমস’ রিপাবলিকানদের এই পরাজয়ের পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের চলতি বছরের ইরান হামলার সিদ্ধান্ত এবং এর ফলে তৈরি হওয়া মূল্যস্ফীতিকে দায়ী করেছে। সেখানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে। ইসরাইলে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মুসলিম ডেমোক্রেট প্রার্থী আব্দুল এল-সায়েদের জয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরাইলি পত্রিকা ‘হ্যারেটজ’ মন্তব্য করে, ইসরাইল বিরোধিতার পরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে জয় পাওয়া সম্ভব—তা প্রমাণ করেছেন এল-সায়েদ। পাশাপাশি, ইসরাইলের বিরোধী দলীয় নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটিকে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন। সংবাদদেখুন

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরাও ফলাফলে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্পেন: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, মার্কিন জনগণ ঘৃণা, বর্ণবাদ ও জলবায়ু পরিবর্তন অস্বীকারের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। নরওয়ে: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে এই ফলাফলকে পরিবর্তনের এক শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে বর্ণনা করেন। দক্ষিণ আফ্রিকা: প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেন, ‘আমেরিকার জনগণ তাদের মতামত জানিয়ে দিয়েছে,’ যা আন্তর্জাতিক সম্পর্কে নতুন যুগের সূচনা করতে পারে। জার্মানি: জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ডেমোক্রেটদের অভিনন্দন জানান এবং মার্কিন প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। 

যুক্তরাজ্য: লন্ডনের মেয়র সাদিক খান ডেমোক্রেটদের বিজয়ে অভিনন্দন জানিয়ে এটিকে ট্রাম্পের বিভক্তিমূলক রাজনীতির প্রত্যাখ্যান বলে মন্তব্য করেছেন। চীন ও জাপান: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করে গঠনমূলক সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে, জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র পরিবর্তন সত্ত্বেও মার্কিন-জাপান জোটের গুরুত্ব অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছেন। সূত্র : অ্যাক্সিওস, এনবিসি, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, গার্ডিয়ান।