রাজশাহী অঞ্চলে সারের সংকট ও ডিলারদের অনিয়ম নিয়ে সরকারি তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রে বিপরীতমুখী বক্তব্য উঠে এসেছে। একদিকে কৃষিমন্ত্রী দাবি করছেন দেশে সারের কোনো ঘাটতি নেই, অন্যদিকে সংসদ সদস্য ও স্থানীয় নেতা আবু সাইদ চাঁদ অভিযোগ করেছেন মাঠপর্যায়ে তীব্র সার সংকটে কৃষকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এ পাল্টাপাল্টি বক্তব্যের সূত্রপাত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।
মতবিনিময় সভায় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ নিজ এলাকায় বসবাস ও সরাসরি কৃষি কাজের অভিজ্ঞতা থেকে সারের ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সারের জন্য প্রতিদিন শত শত কৃষক ও নারী সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত সার পাচ্ছেন না। পূর্ণ এক বস্তার জায়গায় তাদের মাত্র হাফ বস্তা বা এক মণ করে সার দেওয়া হচ্ছে। ফলে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকার মজুরি অপচয় হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু ডিলার কাগজে-কলমে সংকট নেই দাবি করলেও বাস্তবে মাঠপর্যায়ে কৃষকরা জিম্মি হয়ে আছেন। অসাধু ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ প্রশাসন তাদের মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা নামমাত্র জরিমানা করে ছেড়ে দিচ্ছে। চারঘাটের ডিলার জাহাঙ্গীরের উদাহরণ টেনে তিনি বলেন, বারবার অনিয়ম প্রমাণিত হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই লঘু শাস্তির সমালোচনা করে অপরাধী ডিলারদের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার জোরালো দাবি জানান তিনি।
তবে সংসদ সদস্যের এই বক্তব্যের বিপরীতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দাবি বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই এবং সংকট তৈরি হওয়ার সম্ভাবনাও শূন্য শতাংশ। তিনি সরকারি তথ্য তুলে ধরে জানান, গত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে সরকারি গুদামে ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে।
স্থানীয় পর্যায়ে সংকটের ব্যাখ্যায় মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশে নন-ইউরিয়া সারের (বিশেষ করে ডিএপি, টিএসপি ও এমওপি) দাম বেশি থাকায় একশ্রেণির অসাধু চক্র সীমান্ত দিয়ে সার পাচারের চেষ্টা করছে। এর ফলেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সাময়িক কৃত্রিম সংকট দেখা দিচ্ছে। তিনি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় মন্ত্রী ডিলারদের অনিয়ম ঠেকাতে নির্দেশ জারি করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত সার না তুললে ডিলারকে 'ডিফল্টার' করা হবে। ডিলারশিপ সাব-লেট বা অন্যের কাছে হস্তান্তর করলে লাইসেন্স বাতিলসহ সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চাষের মৌসুমে সকাল ৯টার মধ্যে দোকান খোলা এবং বিকেল ৫টা থেকে ৬টার আগে বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়।
সভায় রাজশাহী অঞ্চলে পেঁয়াজ ও রসুন চাষের গুরুত্ব বিবেচনা করে টিএসপি (TSP) সারের বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। এর পাশাপাশি মন্ত্রী পরিমিত ও সুষম মাত্রায় সার ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা ও জাতীয় অর্থনীতি রক্ষার জন্য কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনলাইন ও অফলাইনে উপস্থিত ছিলেন।