যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন বা নির্বাচন হলেও ইরানের প্রতি দেশটির শত্রুভাবাপন্ন নীতি ও বৈরী আচরণে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি।

ইরানের 'ন্যাশনাল ডে অব দ্য ফাইট এগেইনস্ট গ্লোবাল অ্যারোগেন্স' (বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস) উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে খামেনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে কখনো বিশ্বাস করা যায় না। ওয়াশিংটনে দল বা সরকারের রদবদল তেহরানের প্রতি তাদের দীর্ঘদিনের শত্রুতা কমাবে না। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ দলীয় বা উপদলীয় পরিবর্তনের মাধ্যমে তাদের আধিপত্যবাদী আচরণ বদলে যাবে—এমন সামান্যতম আশাও যদি কারো থাকে, কিংবা ওয়াশিংটনকে কিছু ছাড় দিলে তারা ইরানি জনগণের প্রতি শত্রুতা ত্যাগ করবে বলে কেউ বিশ্বাস করে, তবে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।”

তিনি আরো অভিযোগ করেন, ওয়াশিংটন মূলত ইরানের শর্তহীন আত্মসমর্পণ চায়। যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের নতিস্বীকার বা ছাড় দেওয়া হলে তা কেবল তাদের আগ্রাসন আরও বাড়িয়ে দেবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আধিপত্যকামী শত্রুর কাছে নতিস্বীকারের সামান্যতম প্রবণতাও ইরানের এযাবৎ অর্জিত বিশাল সাফল্যকে পুরোপুরি নষ্ট করে দেবে।" সূত্র: আল জাজিরা।