প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন। সফরকালে তিনি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা খুলনা শহর নতুন সাজে সেজেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা রয়েছেন মাঠে।
প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে নগরজুড়ে নেওয়া হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে সর্বস্তরের সাধারণ মানুষ জড়ো হবেন বলে জানা গেছে। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত খুলনাবাসী।
এছাড়া নগরীর বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং সমৃদ্ধ মোংলা বন্দরের নান্দনিক দৃশ্য। সেই সঙ্গে এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, গুণী শিল্পী এবং সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের বাহারি গ্রাফিতি সামহানগরীর বিভিন্ন দেয়ালে মুগ্ধতা ছড়াচ্ছে।
এদিকে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রেসব্রিফিংয়ে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কুঁড়ির এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে তরুণদের ক্রীড়াক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। আমাদের যুবসমাজকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তবে তারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে পারবে।