যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, মার্কিন জনগণ বিভাজনের বদলে ঐক্যের রাজনীতি এবং দেশের সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওবামা এসব কথা বলেন। তিনি লেখেন, মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে—তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত না করে একত্র করবে। পাশাপাশি তারা এমন নেতা চায়, যাঁরা দেশের বিভিন্ন চ্যালেঞ্জের বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন।
ওবামা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্যের পেছনে ছিল তাঁদের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া এবং জনসেবার প্রতি অঙ্গীকার। একসময় যেসব এলাকায় দলটির জয়ের সম্ভাবনা কম বলে মনে করা হতো, সেখানেও প্রার্থীরা ভালো ফল করেছেন।
সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান প্রশাসনের মেয়াদে এখনো দুই বছর বাকি। এ সময়ে ডেমোক্র্যাটদের দায়িত্ব হলো, যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে সেখানে কাজ করা, আরও ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।
এবারের মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দলটি প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাকি দুই বছরের মেয়াদে আইন প্রণয়ন ও সরকারি নীতিনির্ধারণে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়বে। সরকারিসেবা
নির্বাচনের আগে মিশিগান ও জর্জিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন ওবামা। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স