ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে ১৩, সাভার-আশুলিয়ায় ৫ এবং নারায়ণগঞ্জে ৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন রয়েছেন ১৩ প্লাটুন। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে টহল দেওয়ার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
এদিকে, শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। মঙ্গলবারও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতির কারণে বিভিন্ন শিল্পাঞ্চলে তিন শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার সকালে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সাভার মডেল থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হন। শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজিবি জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি জানানোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে সদস্যরা পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছেন।